images

দেশজুড়ে

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৭:২৭ পিএম

শরীয়তপুর সদর হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তির ছয়দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার। 

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশু জাহিদ সদরের আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। 

আরও পড়ুন
Web-Image

৪০০ বস্তা সরকারি চাল সিলগালা, ৩ সদস্যের কমিটি গঠন

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হাম রোগের উপসর্গ নিয়ে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে সদর হাসপাতালে বর্তমানে ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আরএমও বলেন, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছে। রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা রয়েছে। গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি জাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

আরটিভি/এমএম