images

দেশজুড়ে

গুদামে লেখা ‘তেল নেই’, অতঃপর...

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৭:১৪ পিএম

‘তেল নেই’ লেখা একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার টিপুর মোড়-সংলগ্ন দক্ষিণ হিন্দুকান্দি এলাকায় লোপা এন্টারপ্রাইজের গুদামে এ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সম্প্রতি তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ রেখে মজুত শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গুদামের ভেতরে থাকা কয়েকটি ড্রাম এবং একটি তেলের লরির ট্যাংকি থেকে আনুমানিক চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী লোকমান হাকিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অভিযানের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানায় প্রশাসন। ফলে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদাম ও দোকান সিলগালা করা হয়।

আরও পড়ুন
p10

কিশোরীর ৬৪ লাখ টাকা হাতিয়ে নিল তান্ত্রিক, ঘটনা কী

তবে নিজের অবস্থান ব্যাখ্যা করে লোকমান হাকিম দাবি করেন, চরাঞ্চলে চলমান কয়েকটি নির্মাণকাজের জন্য তিনি এসব তেল সংরক্ষণ করেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে জব্দ করা তেল টিপুর মোড় এলাকায় সরকার নির্ধারিত মূল্যে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস