images

দেশজুড়ে

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১০:২২ পিএম

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগম নামে এক নারী শরীরে ফোঁড়া নিয়ে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

আরও পড়ুন
Madaripur

টিফিন খেয়ে অসুস্থ ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। 

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতালটির বৈধতা এবং চিকিৎসকের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম