বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১০:৫৮ পিএম
নীলফামারীর ডোমারে দেওনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণচড়া ধরধরার পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, স্থানীয় মো. ফারুক হোসেন (৩০) ও ডিমলা থেকে আসা ট্রাক্টরচালক অমল রায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী তাদের এই জরিমানা করেন।
অভিযান চলাকালে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। জরিমানার আদেশ শোনার পরপরই অভিযুক্ত ফারুক হোসেন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত এই অভিযানটি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে আশপাশের ফসলি জমি ও সড়ক হুমকির মুখে পড়ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বালুবাহী গাড়িসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের রায় শুনে ঘটনাস্থলেই ফারুক হোসেন নামে এক অভিযুক্ত অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে রায় শুনে একজন অজ্ঞান হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি সুস্থ আছেন।
আরটিভি/এমআই