শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৮:১৪ পিএম
গাজীপুরে জমির বিরোধ নিয়ে লোহার আঘাতে মো. নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে ৫ দিন ধরে তিনি অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নাসিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম সরকার জানান, তিনি নবী হোসেনের বাড়ির একটি টিনসেট ঘরে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। সম্প্রতি প্রতিবেশী নাসিম ওই ঘরের জমি পাবেন বলে দাবি করেন। ঘটনার দিন সকালে তিনি বাড়িতে এসে ওই ঘর ছেড়ে দিতে বলেন। না হলে নবী হোসেনকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। এ ঘটনার পর বাড়ির অন্য সদস্যরা একটি দাওয়াতে ঢাকায় চলে যান।
এ সুযোগে বিকাল সাড়ে ৫টার দিকে নাসিম একটি লোহার রড নিয়ে এসে নবী হোসেনকে একা পেয়ে মাথায় কয়েকটি আঘাত করেন। লোহার আঘাতে নবী হোসেনের মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। নবী হোসেন ৫ দিন ধরে অজ্ঞান রয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ভুক্তভোগীর ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা ৫দিন ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে আছেন। ডাক্তার তাকে বলেছেন, তার বাবার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম।
গাজীপুর মেট্রো সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, এ ঘটনায় নবী হোসেনের বড় মেয়ে রেহানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওইদিনই আমরা নাসিমকে গ্রেপ্তার করেছি।
আরটিভি/এসএস