images

দেশজুড়ে

জাল রেজিস্ট্রেশনে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা, অতঃপর...

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০১:২৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে জাল রেজিস্ট্রেশন ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করে ধরা পড়েছেন এক যুবক। এ ঘটনায় তাকে আটকের পর এই জাল সনদ তৈরি করে দেওয়া ব্যক্তিরও সন্ধান পাওয়া গেছে। তাদের দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর এলাকায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক কলেজছাত্র জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটারের দোকানদার কামরুল হাসান নামে আরেক যুবকের সম্পৃক্ততার কথা জানা যায়। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করা হয়। এসময় জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন তিনি। 

আরও পড়ুন
health

চাঁদপুরে জনবল-ওষুধ-বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র এখন মাদকসেবীদের অভয়ারণ্য

পরে উভয় যুবককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুমন চৌধুরী বলেন, ফুয়েল কার্ডের জন্য সিয়াম নামের এক যুবক জাল রেজিস্ট্রিশন সনদ ব্যবহার করেছে। এটা জানার পর আমরা ভ্রম্যমাণ আদালত পরিচালনা করি। তাদেরকে জরিমানা করা হয়েছে। জালিয়াতি প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএস/এসএইচএম