images

দেশজুড়ে / অর্থনীতি

৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ১১:১৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ১৭তম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চারদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে কোচবিহার জেলা প্রশাসন সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ ও চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।

এর প্রভাবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই হিসেবে ওই তিন দিন বুড়িমারী স্থলবন্দরের মাধ্যমেও সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এরপর ২৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মোট চার দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকছে। ২৫ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ, ঘটনা কী

এদিকে যাত্রী পারাপারের বিষয়ে বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা ভিসাধারী যাত্রী এবং নিজ দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ বহাল থাকবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। 

আরটিভি/এমএইচজে