সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ১১:৩০ পিএম
শরীয়তপুরের জাজিরা থানাধীন জয়নগর ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল বাশার (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর সরদার কান্দি মামুর জামে মসজিদের ভেতর শিশুটিকে কৌশলে ডেকে নেন ইমাম আবুল বাশার। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা পুলিশে খবর দিলে জাজিরা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ওই মসজিদে ইমামতি এবং পার্শ্ববর্তী একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, অভিযুক্ত ইমাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমানে শিশুটিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আরটিভি/এমএইচজে