images

দেশজুড়ে

পাম্প থেকে পেট্রল এনে ৪০০ টাকা লিটার বিক্রি, অতঃপর...

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:৫২ পিএম

বিভিন্ন ফিলিং স্টেশন থেকে গোপনে পেট্রল এনে প্রতি লিটার ৪০০ টাকায় বিক্রি করছিল একটি চক্র। অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করে পুলিশ। ফিলিং স্টেশন থেকে পেট্রল আনার সময় ৮টি জারকিনে ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়। আটক করা হয় দুজনকে। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক।

ওই দুই ব্যক্তি হলেন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আবদুল কাদেরের ছেলে জাহিরুল ইসলাম (৩২) এবং হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (৩০)। তারা বালিয়াডাঙ্গী উপজেলার কালিবাড়ী গ্রামের আবদুল খালেক নামের এক ব্যক্তির পক্ষে ফিলিং স্টেশন থেকে তেল আনা-নেওয়ার কাজ করতেন।

ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করে অভিযুক্ত দুজন জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে তেল সরবরাহে তাদের চুক্তি হয়। সে জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে তাদের প্রতি লিটার পেট্রল-অকটেনে ২০০ টাকা করে দিতে হতো। চুক্তি অনুযায়ী ফিলিং স্টেশনের লোকজন জারকিনে পেট্রল-অকটেন ভরে ভুট্টাখেতে রেখে দেন। পরে মুঠোফোনে সেই স্থানের কথা তারা জানিয়ে দেন। গভীর রাতে সেই স্থান থেকে জারকিনগুলো তিন চাকার যানে করে সংগ্রহ করতেন জাহিরুল। পেট্রল এনে কালিবাড়ী এলাকার খালেক নামের এক ব্যক্তিকে বুঝিয়ে দিতেন। পরে খালেক সীমান্ত এলাকার অনিবন্ধিত মোটরসাইকেলচালকদের কাছে প্রতি লিটার ৪০০ টাকা দরে বিক্রি করেন।

স্কুলহাট গ্রামের আবদুস সোবহান বলেন, গতকালও আমি বাধ্য হয়ে তাদের কাছ থেকে ৪০০ টাকা করে এক লিটার পেট্রল কিনেছি।

আবদুল খালেক ঘটনার পর থেকে পলাতক। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে। 

আরও পড়ুন
Lopy

পাবনায় ম্যানহোলে মিলল মানুষের কঙ্কাল

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক বলেন, দুজন অপরাধ স্বীকার করায় জহিরুলকে ২০ হাজার এবং তিন চাকার যানের চালক জাহিরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা পেট্রল পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সরকারি মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

আরটিভি/এসএস