মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৯:৫৩ পিএম
কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার জলিলের দোকান সংলগ্ন বিজয় বিকাশ ডেন্টিং-পেইন্টিং ও ইঞ্জিন ওয়ার্কশপের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। বর্তমানে তারা কক্সবাজার সদর উপজেলার নতুন বাহারছড়া ২নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
অ্যাম্বুলেন্সটির ড্রাইভিং সিটের পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ৫টি পোটলার ভেতরে ৫০টি জিপারলক প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১ কেজি।
এসময় একটি অ্যাম্বুলেন্স (চাবিসহ), গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, প্রাপ্তি স্বীকার রশিদ, ড্রাইভিং লাইসেন্স এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা থেকে নমুনা সংগ্রহ করে অবশিষ্ট আলামত সিলগালা করে ডিএনসির হেফাজতে রাখা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (কক্সবাজার জেলা কার্যালয়) উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন জানান, অভিযানে অ্যাম্বুলেন্সের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/এসআর