বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০৮:২৬ পিএম
নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেল না পাওয়ায় মোটরসাইকেল চালকরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ থেকে দুপুর ২টা পযন্ত সৈয়দপুরের ইকু ফিলিং স্টেশনের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা ।
তারা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই সাধারণ মানুষের এই প্রতিবাদ। ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছে না, অথচ তারা এখনো সেই কার্ড হাতে পাননি। অনেকেই কেবল আবেদন করে অপেক্ষা করছেন।
আব্দুল রাজ্জাক নামে একজন মোটরসাইকেল চালক জানান, তেল না পেয়ে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন।
আতিয়ার রহমান নামে একজন মোটরসাইকেল চালক জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্প মালিক সকাল থেকে বলেছে তেল দেবে কিন্তু দুপুর ১২টার দিকে এসে তারা জানান ফুয়েল কাড ছাড়া তেল পাওয়া যাবে না। তাই সড়ক অবরোধ করেছি।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। প্রায় ৩ ঘন্টা পরে প্রশাসনের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
আরটিভি/এসএস