images

দেশজুড়ে

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৮:০২ পিএম

পাবনার সুজানগর উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মথুরাপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রাতের বেলায় জমায়েত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে রাত প্রায় পৌনে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক হিসেবে পরিচিত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং অধিকাংশ নেতাকর্মী পলাতক থাকার পরও সাম্প্রতিক সময়ে সুজানগরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে উপজেলা সভাপতি আব্দুল ওহাব ও তার অনুসারীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। গত রমজান মাসে তারা প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করেন এবং দলীয় বিভিন্ন দিবস পালনেরও চেষ্টা চালান।

আরও পড়ুন
vddfgrr

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা

এছাড়া, সম্প্রতি পাবনা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসএস