images

দেশজুড়ে

কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, গাছ পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০২:১৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার আত্রাই নদীর তীরবর্তী বেদে পল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আরাফাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আকস্মিক দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে বেদে পল্লীর একটি বিশাল ইউক্লিপটাস গাছ উপড়ে যায়। গাছটি সরাসরি পল্লীর একটি পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতর বালিশে শুয়ে থাকা অবস্থায় আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন
ks

একসঙ্গে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেদে পল্লীর বাসিন্দাদের খোঁজখবর নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে পলিথিনের ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন। এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই থানার পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আরটিভি/এমআই