images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশের দোকানের তর্ক গড়াল ভয়াবহ সংঘর্ষে, আহত ৩০

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৫:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশের দোকানে তর্কাতর্কি থেকে ভয়াবহ এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দাদের সঙ্গে এ সংঘর্ষে জড়ায় পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইলের বাসিন্দারা। কয়েক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

স্থানীয় কয়েকজন জানান, দুই থেকে তিন সপ্তাহ আগে পশ্চিম পাড়ার বোরহান মিয়া পূর্ব পাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় শিহাবকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন বোরহান মিয়া। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে বিষয়টি মীমাংসা করে দেন স্থানীয়রা। 

আরও পড়ুন
kil

নৌকায় বসা নিয়ে দুই যাত্রীর বাগবিতণ্ডা, ঘুষিতে একজনের মৃত্যু

সবশেষ রোববার বিকেলে দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ কয়েকজন বন্ধু নিয়ে পশ্চিমপাড়া এলাকায় ঘুরতে যায় শিহাব। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে পুনরায় তর্কে জড়ান শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে নিজের লোকজনকে সঙ্গে নিয়ে শিহাব ও তার বন্ধুদের মারধর করে বোরহান। 

খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিম পাড়ার বাসিন্দাদের সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন। এ সময় রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএস