সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৫:২৯ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সংঘটিত হত্যা মামলার মো. রুমান নামে (১৫) পলাতক এক আসামিকে দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাতে কামারগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেপ্তার মো. রুমান উপজেলার উত্তর কামারগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত সাঁড়াশি অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে শ্রীনগর উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নিরব হোসেনকে (১৬) হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করলে নিরব এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা পরদিন বিকেলে পূর্বপরিকল্পিতভাবে নিরবের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নিরবকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরটিভি/এমএইচজে