images

দেশজুড়ে

ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:৪০ পিএম

ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফবাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০)। তিনি শরিফবাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই নারী শরিফভাগ বেইলি ব্রিজটি পার হচ্ছিলেন। হঠাৎ ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও পা বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেন, প্রায় প্রতিদিন এই ব্রিজে ইজিবাইক ও অটোরিকশার চাকা আটকে যায়। ছোট দুর্ঘটনার পাশাপাশি মাঝেমধ্যে মাঝারি দুর্ঘটনাও ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নেই, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন
Web-Image---Copy

ধামরাইয়ে অবৈধ ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

এই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় দুই সপ্তাহ আগে আরটিভিতে 'ধামরাইয়ের শরীফভাগ সেতু একটি মরণফাঁদ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকৃত নারীকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি, বর্তমানে তিনি সুস্থ আছেন।

উল্লেখ্য, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝেমধ্যেই এখানে এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরটিভি/এমএইচজে