মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:০৮ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির সঙ্গে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
অভিযুক্ত গাঁজা চাষী আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক নিজের বাড়ির পেছনের সবজি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ জাল (নেট) দিয়ে ঘিরে রাখতেন এবং সবজি গাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেন। তবে অভিযানের সময় আয়নাল হককে বাড়িতে পাওয়া যায়নি।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে সবজির আড়ালে গাঁজা চাষ করা হচ্ছিল। অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএইচজে