মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:১৬ পিএম
স্মরণকালের ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ ঘটেছে ফেনীতে। মাত্র এক ঘণ্টার প্রবল বর্ষণেই জনপদে সৃষ্টি হয়েছে আকস্মিক জলাবদ্ধতা। জেলা শহরসহ নিচু এলাকাগুলো মুহূর্তের মধ্যে তলিয়ে গেছে পানির নিচে।
সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হয় এই প্রবল বৃষ্টিপাত।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই যেন আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফসলি জমিতে পানি উঠে যায়। জলাবদ্ধতার কবলে পড়ে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ প্রায় প্রতিটি প্রধান সড়ক। পানি ঢুকে পড়ে নিচু এলাকার অনেক বসতবাড়িতেও।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিস্ময়কর তথ্য হলো, শেষ এক ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ১২৬ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী ২-৩ দিন ফেনী জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আরটিভি/এমএইচজে