বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৪:৪০ পিএম
নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ নামের আট বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার অটোরিকশাচালক আল আমিনের একমাত্র সন্তান এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজের ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আল আমিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সাথে আটকে যান। জীবন বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে শিশু আব্দুল্লাহ বাবাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে আসে। কিন্তু বাবাকে স্পর্শ করার সাথে সাথেই সে নিজেও শক্তিশালী বিদ্যুতের কবলে পড়ে গুরুতর আহত হয়।
স্বামী ও সন্তানের এই অবস্থা দেখে মা আসমা খাতুন দ্রুত বুদ্ধিমত্তার সাথে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আল আমিন প্রাণে বেঁচে গেলেও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এমআই