images

দেশজুড়ে

বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জলাবদ্ধতা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৭:১৮ পিএম

লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে পৌরসভাসহ জেলার বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলো।

মোংলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিৃটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে বাগেরহাট শহরের রাস্তাঘাট, অলিগলি ও বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অনেক স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় কর্মজীবী মানুষদের দৈনন্দিন কাজে বের হতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুন
bh

বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ

বাগেরহাট পৌরসভার বাসিন্দা আল আমিন খান সুমন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টিতে শহরের কেন্দ্রীয় কাঁচাবাজার হাঁটু পানিতে প্লাবিত হয়েছে। বাধ্য হয়ে নোংরা পানির মধ্যেই বাজার করতে হয়েছে। এছাড়া পৌরসভা ভবনের সামনের সড়কও হাঁটু পানিতে তলিয়ে গেছে, এতে ভোগান্তি আরো বেড়েছে।

অপরদিকে ভারী বৃষ্টিপাতে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া সূত্র আরও জানায়, আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া সত্ত্বেও মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজে পণ্য ওঠা-নামার কাজ আপাতত স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টি বাড়লে কাজ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

আরটিভি/এমএম