বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৭:৫৪ পিএম
রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৪৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেওয়া নগদ ১০ হাজার টাকাও হস্তান্তর করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ মোবাইল ও নগদ টাকা হস্তান্তর করেন।
পুলিশ সুপার অফিস সূত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে এ মোবাইলগুলো উদ্ধার করা হয়। যার মধ্যে রাজবাড়ী সদর থানায় ২১ টি, গোয়ালন্দ ঘাট থানার ৭ টি, পাংশা মডেল থানায় ৭ টি, কালুখালী থানায় ৮টি, বালিয়াকান্দি থানায় ৪ টি সহ মোট ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও রাজবাড়ী সদর থানায় বিকাশে প্রতারিত হওয়া একটি জিডির প্রেক্ষিতে উদ্ধার হওয়া নগদ ১০ হাজার টাকাও প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।
ব্রিফিংকালে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি সাইবার অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি থানায় মোবাইল হারানো বা বিকাশে প্রতারণা সংক্রান্ত জিডিগুলো গুরুত্বের সঙ্গে নেয়া হয়। আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, ফেসবুক হ্যাক ও অনলাইন প্রতারণা রোধে সার্বক্ষণিক নজরদারি করছে। জনস্বার্থে জেলা পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক আবেগপ্রবণ হয়ে পড়েন।
তারা বলেন, ফোনগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। দ্রুততম সময়ে পুলিশি সেবায় মোবাইল ও টাকা ফেরত পেয়ে তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের ওপর তাদের আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান।
আরটিভি/এমএম