বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:২৯ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলায় বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া গ্রামের আয়েশা আক্তার (৫০), মঠবাড়িয়া সদর ইউনিয়নের স্বাধীন তালুকদার (২২) ও তুষখালী ইউনিয়নের মোহাম্মদ হাসান (২৫)।
স্থানীয়রা জানান, আয়েশা আক্তার মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতের আঘাতে নিহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে মশিউর রহমান তালুকদারের ছেলে স্বাধীন তালুকদার (২২) মাঠে গরু আনতে গেলে নিখোঁজ হন। পরবর্তীতে মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন ধারণা করেন বজ্রপাতের কারণে স্বাধীনের মৃত্যু হয়।
এছাড়াও উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৫) বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তার সাথে থাকা সোহেল জানান, বজ্রপাতের সময় তিনি নদীতে পড়ে যান। পরবর্তীতে খুঁজে আর তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএম