বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৯:০৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) (নি.) পুষন সাহার নেতৃত্বে এএসআই সজিবুল হাসান, এএসআই ওমর ফারুক, এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানার রেকর্ড ও পিসিপিআর যাচাই করে জানা গেছে, আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলাও রয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত বলেও জানা গেছে।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে