বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:৩৮ পিএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এই বর্ষায় চট্টগ্রামে আশি শতাংশ জলাবদ্ধতা থাকবে না।
চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিন দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই দিনের সফরে চট্টগ্রাম যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিক জলাবদ্ধতাপ্রবন এলাকাসমূহ পরিদর্শন করেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নগরীর ৩৬টি খালের মধ্যে ৬টি খালের সংস্কার কাজ এখনও চলমান রয়েছে। এসব খালে কিছু বাঁধ থাকার কারণে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়েছিলে। চলতি বর্ষায় আর যাতে জলাবদ্ধতা না হয় সে কারণে সংস্কার কাজ আপাতত বন্ধ রেখে খালের বাঁধসমূহ খুলে দেওয়া হবে। যার ফলে এই বর্ষায় আশি ভাগ জলাবদ্ধতা হবে না, বাকী বিশ ভাগ সমস্যা আগামী ডিসেম্বরের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানান মন্ত্রী।
জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সেবা সংস্থা সমূহের মধ্যে সমন্বয় নেই এমন অভিযোগের জবাবে এখন থেকে শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আরটিভি/এমএইচজে