বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০২:৪৬ পিএম
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক মা ও তার মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আবদুল করিমের কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার মেয়ে মোহছেনা বেগম (৩)।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল গণমাধ্যমকে বলেন, বন্য হাতির একটি দল ভোরে আবদুল করিমের কলোনিতে হানা দেয়। এ সময় হাতির দলটির আক্রমণে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে