বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৪:৫৯ পিএম
খাগড়াছড়ির দীঘিনালা–রাঙামাটির লংগদু সড়কের দীঘিনালার বোয়ালখালী চৌমুহনী এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও দুরপাল্লার যাত্রীরা।
স্থানীয়রা জানান, বুধবার রাতে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝখানে আটকে যায়।
ঘটনার পর থেকেই দীঘিনালা থেকে মাইনি ও লংগদুগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে মেরামত করে পুনরায় যানবাহন চালু করতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনটা সময় লাগতে পারে। তবে, বিকল্প সড়কে আপাতত ছোট যান চলাচল করছে।
আরটিভি/এমএম