শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৮:৫৪ এএম
মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক স্বামীকে আটক করার জন্য পুলিশ সুপারকে সরাসরি ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন জেসমিন আক্তার নামে এক নারী। তার সঙ্গে আটক হয়েছেন মইনুল ইসলাম চৌধুরী সামাদ নামে আরও একজন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে।
আটক জেসমিন আক্তার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের তাহির আলীর মেয়ে। অন্যদিকে সামাদ একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান চৌধুরীর ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী।
পুলিশ সূত্র জানায়, কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা মাহতাব মিয়ার তার সঙ্গে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তারের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। সাবেক স্বামীকে নাজেহাল করতে এর আগে তার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন জেসমিন। এবার মাহতাব মিয়া বিদেশ যাচ্ছেন শুনে তাকে আটকানোর জন্য বৃহস্পতিবার দুপুরে নগদ দুই লাখ টাকাসহ ব্যবসায়ী সামাদ চৌধুরীকে নিয়ে কুলাউড়া থানায় হাজির হন জেসমিন।
ঘটনার সময় থানা পরিদর্শন করেছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। পরিদর্শনের সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় জেসমিন তার স্বামীর বিদেশ যাওয়া বন্ধ করার জন্য সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। একপর্যায়ে সামাদ চৌধুরী কৌশলে জেসমিনের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে ৪০ হাজার টাকা জেলা পুলিশ সুপারের কাছে দিতে যান।
এ সময় জেলা পুলিশ সুপারের নির্দেশে সামাদ ও জেসমিনকে টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনার খবর জানাজানি হলে কুলাউড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সামাদ ও জেসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার (১ মে) তাদের আদালতে তোলার কথা।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, কুলাউড়া থেকে জেসমিন আক্তার নামের এক মহিলা বেশ কয়েকদিন থেকে আমার সঙ্গে দেখা করার জন্য মোবাইল ফোনে কথা বলেন। বৃহস্পতিবার সকালে সে মৌলভীবাজার আমার অফিসে এসে দেখা করতে চাইলে আমি তাকে কুলাউড়া থানায় এসে দেখা করতে বলি।
তিনি আরও বলেন, কুলাউড়া থানায় ওই মহিলা সামাদ নামে এক যুবককে নিয়ে আমার সঙ্গে তার সমস্যার কথা বলেন। কথা বলার শেষে একপর্যায়ে সামাদ আমার হাতে একটি খাম দিলে সেটি খুলে দুইশত টাকার দুই বান্ডিল নোট দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে তাকে টাকাসহ আটক করাই। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরটিভি/এসএইচএম