images

দেশজুড়ে

লক্ষ্মীপুরে সোনার দোকান লুট, চাঁদপুরে মিললো নৈশপ্রহরীর লাশ

শনিবার, ০২ মে ২০২৬ , ১০:৪৭ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি সোনার দোকানে শাটারের তালা ভেঙে সিন্দুক লুটের ঘটনা ঘটেছে। আর ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী ফরিদের (৪৪) মরদেহ উদ্ধার হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জে। 

শনিবার (২ মে) সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ফরিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, রাতে রামগঞ্জ পৌর শহরের পাটবাজারে নিউ আপন শিল্পালয়ে ঘটে লুটের ঘটনা।

ধারণা করা হচ্ছে, লুটের ঘটনা দেখে ফেলায় নৈশপ্রহরী ফরিদকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত ফরিদ রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার মিজি বাড়ির মো. শাহাজাহানের ছেলে। তিনি রামগঞ্জ বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত এলাকায় পাহারা দিতেন তিনি।

স্থানীয়রা জানান, ঘটনাটি ডাকাতির। সাদা মাইক্রো নিয়ে এক দল দুষ্কৃতিকারী ডাকাতি করতে আসে। তাদের ডাকাতির ঘটনা দেখে ফেলায় হয়তো ফরিদকে ধরে নিয়ে হত্যা করে মরদেহ হাজীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা হয়। 

এদিকে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রূপন শীল। 

আরও পড়ুন
narsingdi

রাতে ভাইকে ‘রক্ত দিয়ে গোসলের’ হুমকি, সকালে খুন

চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইমারত হোসেন বলেন, সকালে অজ্ঞাত হিসেবে ফরিদের মরদেহটি উদ্ধার করা হয়। তার হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কত টাকার মালামাল লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাজীগঞ্জ রাস্তার পাশ থেকে ফরিদের মরদেহ উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট স্থানেই মামলা এবং ময়নাতদন্ত হবে। এছাড়া, আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএস