images

দেশজুড়ে

নিজে খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও, দিলেন হুমকি

সোমবার, ০৪ মে ২০২৬ , ০১:৩৭ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের মাঠে বহু প্রজন্ম ক্রিকেট খেলে বড় হয়েছেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের হুমকিতে হঠাৎ থেমে যায় সেই চিরচেনা ছন্দ। নিজে খেলবেন বলে হুমকি দিয়ে মাঠ থেকে শিশুদের বের করে দেন ইউএনও। স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, তিনি উপজেলা পরিষদের সামনের ওই মাঠে শিশুদের খেলতে নিষেধ করে। পরে শিশুরা বিষয়টি মীমাংসার জন্য বড়দের ডেকে নিয়ে গেলে তাদের সঙ্গেও বিবাদে জড়ান ইউএনও নাজমুল। 

এ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতে ক্রিকেট ব্যাট নিয়ে ইউএনও স্থানীয় শিশু-কিশোরসহ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছেন ইউএনও মো. নাজমুল ইসলাম। 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তোমরা এখানে কেন খেলতে আসছো? এই মাঠে আমরা অফিসের লোকজন খেলবো, তোমরা অন্য কোথাও যাও।’
 
এ সময় স্থানীয়রা বিকল্প মাঠের কথা জানতে চাইলে ইউএনও উত্তেজিত হয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে কথা বলেন, ‘কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলো, তোমার এই যোগ্যতা আছে?’

একপর্যায়ে তিনি মাঠ থেকে পিচ তুলে ফেলার হুমকিও দেন। 

স্থানীয় বাসিন্দা করিম শেখ বলেন, এই মাঠে আমাদের ছেলেরা ছোটবেলা থেকে খেলছে। কখনো কোনো সমস্যা হয়নি। এখন হঠাৎ করে তাদের সরিয়ে দেওয়া সত্যিই কষ্টের।

একইভাবে স্থানীয় খেলোয়াড় রাকিব হোসেন জানান, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, বরং তাদের শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তাই ঘটনাটি তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।

আরও পড়ুন
GOPALNOGOR-CLINIC

সরকারি ক্লিনিকে যাই সুখী ট্যাবলেট ও কনডমের জন্য, দেওয়া হয় স্যালাইন

তবে ঘটনার পর সমালোচনার মুখে ইউএনও মো. নাজমুল ইসলাম এটিকে একটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে এবং এখন থেকে স্থানীয়রাই মাঠে খেলবে। পাশাপাশি তিনি স্বীকার করেন, পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করা তার ঠিক হয়নি।

তবে রোববার (৩ মে) বিকেলে সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, এক সময়ের কোলাহলপূর্ণ মাঠটি ফাঁকা পড়ে আছে। খেলার জন্য সেখানে যায়নি কেউ।

আরটিভি/এসকে