সোমবার, ০৪ মে ২০২৬ , ০৮:২৫ পিএম
মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে রাতভর তাণ্ডব, বাড়িঘর ভাঙচুর ও নাশকতার ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৭২ জনকে আসামি করে রোববার (৩ মে) মামলা করেন আমতৈল গ্রামের শমসের মোল্লার ছেলে ইয়াহিয়া মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার প্রধান অভিযুক্তদের একজন লিপটন মিয়াকে গ্রেপ্তার করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ১০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তার করতে দলে নিষিদ্ধ আওয়ামী লীগ অনুপ্রবেশ করানোর পালটাপালটি অভিযোগে শুক্রবার (১ মে) রাতে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের আমতৈল এবং নোহাটা গ্রামের বাসিন্দা দুটি সামাজিক দলে বিভক্ত। বর্তমানে এদের একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নোহাটা গ্রামের বিএনপি কর্মী টিটন মোল্লা ও আওয়ামী লীগ কর্মী ইদ্রিস। অপর পক্ষে স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনিসুর রহমান কনক। আধিপত্য বিস্তার নিয়ে উভয়পক্ষের বিরোধের জেরে দুটি গ্রামের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র আরও জানায়, এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয়পক্ষ নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর ও অন্তত ২০টি গবাদি পশুসহ মূল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় অন্তত ১০টি বাড়িতে। এতে একটি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। জীবন্ত পুড়ে মারা যায় দুটি ছাগল। অন্যান্য বাড়িঘরের আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
আরটিভি/এমএম