images

দেশজুড়ে

ময়মনসিংহে ইট ভাঙার ট্রলিতে বাসের ধাক্কা, নিহত ১

বুধবার, ০৬ মে ২০২৬ , ০২:০৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইট ভাঙার ট্রলিতে ‘আব্দুল্লাহ পরিবহন’ নামে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় নাজিম উদ্দীন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার বাঘরাপাড়া এলাকায় এ.আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি ইট ভাঙার ট্রলি বাঘরাপাড়া এ.আর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকা (মেট্রো-ব: ১৫-৯৮৮৮) নম্বরধারী আব্দুল্লাহ পরিবহনের একটি দ্রুতগামী বাস ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নাজিম উদ্দীন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ঘাতক বাস ও এর চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

নারায়ণগঞ্জে বিপুল মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ১০ জন আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ আরটিভিকে বলেন, আমরা ঘাতক বাসটি জব্দ করেছি এবং চালক সাঈদ মিয়াকে আটক করা হয়েছে। সাঈদ ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলছে।

আরটিভি/এমএইচজে