images

দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৬:৩০ পিএম

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় চার শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

বুধবার (৬ মে) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘স্কয়ার মাস্টারবাড়ি’ এলাকায় মহাসড়কের উভয় পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নজরুল জয়ন্তী উপলক্ষে এই রুটে যানবাহনের চাপ ও দর্শনার্থীদের যাতায়াত বহুগুণ বেড়ে যায়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং মহাসড়ককে যানজটমুক্ত রাখতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন আরটিভিকে বলেন, মহাসড়ককে সম্পূর্ণ দখলমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমাদের এই নজরদারি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ভালুকা অংশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

আরটিভি/এমএইচজে