বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ১২:০৬ পিএম
যশোরে দোকানের জন্য ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে এক মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান (৫৫) নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরেই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ তার বাড়ির সামনে আনিছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এরপর বৃহস্পতিবার (৭ মে) সকালে মরদেহ নওয়াপাড়ার বাড়িতে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরটিভি/আইএম