images

দেশজুড়ে

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে অতিথিরা, অতঃপর...

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ১০:৫৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নূনাছড়া এলাকায় ভোররাতে একদল সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়ে একটি মাইক্রোবাসে থাকা বিয়ের অতিথিরা। অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীদের মধ্যে একজন জনি বনিক (২৯) বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে নূনাছড়া এলাকা অতিক্রম করার সময় তাদের মাইক্রোবাসে হঠাৎ একটি শব্দ শোনা যায়। শব্দ শোনার পর গাড়িচালক গাড়িটি দাঁড় করান। এ সময় তারা গাড়ি থেকে নেমে মোবাইলের লাইট জ্বালিয়ে গাড়ি থেকে কিছু পড়ে গেছে কি না তা চারপাশে খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন
uihsdgui

প্রবাসীর বাড়ি থেকে ৪৫ লাখ টাকা লুটের অভিযোগ, ঘটনা কী

এ সময় হঠাৎ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের জমি থেকে ৫–৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল। তারা ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা বিয়ের অতিথিদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

অতিথি মধ্যে গাড়ির বাইরে থাকা তিনজনকে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে মসজিদে গিয়ে আশ্রয় নেন।

মসজিদের ভেতর থেকে জনি বণিক জাতীয় জরুরি সেবা হটলাইন নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানায় জানান। পরে ভুক্তভোগীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

সকালে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রব্বানী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। 

ওসি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/কেডি