images

দেশজুড়ে

মক্তবে শিশুদের যৌন হয়রানি, ইমামকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৪:৩৯ পিএম

নড়াইলে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল উপজেলার রুখালী গ্রামের বাসিন্দা এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বায়তুস সালাম জামে মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন ভোরে মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। অভিযোগ রয়েছে, মক্তবে পড়তে আসা শিশুদের তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন। সবশেষ গত ৫ জুন এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে ডেকে নেন তিনি। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে আরও কয়েকজন শিশুও একই ধরনের হেনস্তার শিকার হয়েছে বলে পরিবারের কাছে দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে ঘিরে ধরেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে মানুষ

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম শিশুদের যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএইচজে