images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৫:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মে) রাত আড়াইটার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি টহলদল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পাতা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

মক্তবে শিশুদের যৌন হয়রানি, ইমামকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

বিজিবি জানায়, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ৯৬ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে