শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:৪২ পিএম
লালমনিরহাটে লিবিয়া প্রবাসী ছেলেকে কেন্দ্র করে মো. আব্দুল মোন্নাফ (৬২) নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে আমগাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ মে) দুপুরে পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধ লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, প্রায় চার বছর আগে ওই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুর রহমান ভুক্তভোগী আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমানের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে হাসানুর কর্মস্থলে সমস্যা করায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আব্দুল মোন্নাফের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল বিবাদীরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। শুক্রবার জুম্মার নামাজ শেষে আব্দুল মোন্নাফ স্থানীয় জামে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাকে ঘেরাও করেন। এরপর তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনের একটি আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। এ সময় তার পকেটে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
এদিকে তাকে বাঁচাতে তার ভাতিজা মিঠু মিয়া এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। নির্যাতনের দৃশ্য দেখে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ ঘটনার সত্যতা এবং অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের সংগ্রহে আছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে