images

দেশজুড়ে

রংপুরে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৭:০৪ পিএম

রংপুরের পীরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার বড়দরগাহ-মথুরাপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পীরগঞ্জ থানা-পুলিশ। এ সময় আশিকুর রহমান ও হামিদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ছেলের দোষে বাবাকে গাছে বেঁধে নির্যাতন!

পীরগঞ্জ থানা-পুলিশ জানায়, মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে একই দিনে উপজেলার পৌরসভার প্রজাপাড়া স্লুইসগেট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় মা ও ছেলেকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকা মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে