রোববার, ১০ মে ২০২৬ , ১১:৫৪ এএম
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে উজ্জ্বল মালিথা (৪৮) নামে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) রাতে বামন্দী পশুহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
আটক উজ্জ্বল মালিথা (৪৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এতে স্থানীয় কৃষকদের সেচকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। চোরচক্রকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল পশুহাট মোড় এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে উজ্জ্বলকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
আটক উজ্জ্বল মালিথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের কার্যপদ্ধতি ও অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং রোববার (১০ মে) তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে