images

দেশজুড়ে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গোপনে ছাত্রীদের ছবি তোলার সময় যুবক আটক

সোমবার, ১১ মে ২০২৬ , ০৯:৫১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি তোলার সময় এক যুবককে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসে নেওয়া হলে তাঁর কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে। আটক আবু খারিয়া তোফায়েল (৩২) নেত্রকোনা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত যুবক সন্দেহজনকভাবে মুঠোফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর ফোনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ছবি তোলার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি তাঁর ফোনটি ভেঙে ফেলেন।

ঘটনার শিকার ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাই আমাদের জানান যে ওই ব্যক্তি সম্ভবত আমাদের ছবি তুলছেন। পরে আমরা তাঁর কাছে ফোন দেখতে চাইলে আমাদেরসহ সেখানে থাকা আরও কয়েকজন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাঁকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাই।’

আরও পড়ুন
4562300000

বেলালকে হত্যার পর মরদেহ টুকরো করে মাটিচাপা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. রহমত উল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে আনা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। এখন তাঁকে কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য একজন বাদী প্রয়োজন। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ফরহাদ কাদির বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি, ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিলেন। পরে শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এখানে আসার পর তিনি মুঠোফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন। তাঁর কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। এরপর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরটিভি/কেডি