images

দেশজুড়ে

গাছের মগডালে উঠে চিৎকার, আজান দিয়ে নামাল স্থানীয়রা

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৩:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক যুবকের রহস্যজনক আচরণকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মিনহাজ উদ্দিন (২৬) নামের ওই যুবক রাতের আঁধারে হঠাৎ একটি প্রায় ৩০ ফুট উঁচু গাছের মগডালে উঠে চেঁচামেচি শুরু করেন। তিনি ওই এলাকার মো. জানে আলমের ছেলে।

স্থানীয় যুবক নাজিম উদ্দিন জানান, সোমবার দুপুরে মিনহাজ বাড়ির পেছনের একটি গাছের বিভিন্ন ডালপালা কাটেন। পরে মাগরিবের পর পরিবারের সদস্যদের উদ্দেশে অস্বাভাবিক ও উদ্ভট আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি বলেন, তোমাদের চারজনের সঙ্গে আমি পারব না, গাছটি আমি কেটে ফেলব।

এরপর হঠাৎ দৌড়ে গিয়ে তিনি ওই গাছের নিচে দাঁড়ান এবং স্থানীয়দের ভাষ্যমতে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গাছের চূড়ায় উঠে পড়েন। সেখানে বসে তিনি বিকট শব্দ ও হিংস্র প্রাণীর মতো আওয়াজ করতে থাকেন। অনেক অনুরোধ করেও তাকে নিচে নামানো সম্ভব হয়নি।

নাজিম উদ্দিন আরও বলেন, পরে স্থানীয়রা “আল্লাহু আকবার” ধ্বনি দিয়ে আজান শুরু করলে মিনহাজ হঠাৎ নিস্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ পর তিনি গাছের ওপর অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দড়ি দিয়ে তাকে বেঁধে নিরাপদে নিচে নামিয়ে আনেন এবং হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।

এদিকে স্থানীয় আরেক যুবক সাহেদুর রহমান রিমন দাবি করেন, এর আগেও মিনহাজদের বাড়ির পেছনে তার মায়ের সঙ্গে “অদৃশ্য ঘটনার” অভিজ্ঞতা হয়েছে। তবে এসব ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কেউ নিশ্চিত নন। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
gazipur-murder

গাজীপুরে ৫ খুনের ময়নাতদন্তে উঠে এলো নৃশংস হত্যার ভয়াবহ চিত্র

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরটিভি/এসকে