images

দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে ঘরের মেঝেতে বালুচাপা

বুধবার, ১৩ মে ২০২৬ , ১১:৫৮ এএম

ফেনীতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে তার মরদেহ নির্মাণাধীন বাড়ির মেঝের বালুর নিচে পুতে রাখার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

নিহত শিরিন আক্তার শর্শদীর ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের মো. মানিক মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার পরিবার গত ১০ বছর ধরে শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের একটি বাসায় ভাড়া থাকেন। ওই বাসার পাশে তারা একটি জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মেঝের বালুর নিচে মরদেহ গুম করার চেষ্টা করে। 

আরও পড়ুন
Web-Image6

সালিশে ডেকে নিয়ে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকেলে তার মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খুঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সাইফুল নামের একজন শ্রমিক কাজ করছে, তাকে তার মায়ের বিষয় জানতে চাওয়া হলে সে দেখেননি বলে জানান। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বালুর নিচে শিরিন আক্তারের মরদেহ দেখতে পান তারা। 

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল  কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

আরটিভি/আইএম