images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ চালান জব্দ

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৫:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বড় একটি অবৈধ চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০টি ইয়াবা ও ১৯ হাজার ৪৫০টি নেশাজাতীয় ট্যাবলেট (ট্যাপেনটাডল) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। 

গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া অবস্থায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন
3

ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ, সবশেষ যা জানা যাচ্ছে

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এসএস