images

দেশজুড়ে

মাগুরায় টিসিবির চাল গোপনে বিক্রি করতে গিয়ে ধরা ডিলার

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৭:১৪ পিএম

মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ৪৩৪ কেজি চাল গোপনে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন রফিকুল ইসলাম বাবু নামে এক ডিলার।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নাগড়া বাজারের টিসিবির ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণের পরিবর্তে সরকারিভাবে বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করে দেন। পরে চালগুলো ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্রিত চাল জব্দ করে।

চালের ক্রেতা মাগুরার বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস পুলিশকে জানান, তিনি বস্তা কিনতে বাজারে এসেছিলেন। এ সময় তাকে চাল কেনার প্রস্তাব দেওয়া হলে তিনি ৩০ টাকা কেজি দরে চাল কিনেন। তবে, এটি টিসিবির সরকারি চাল ছিল বলে তিনি জানতেন না।

আরও পড়ুন
tangail

টাঙ্গাইলে নিয়মিত টিকার বদলে নবজাতককে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

স্থানীয়দের অভিযোগ, ডিলার রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। তারা গরিবের জন্য বরাদ্দকৃত পণ্য আত্মসাতের অভিযোগে ওই ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ডিলার রফিকুল ইসলাম বাবু চাল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আমি গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছি। 

সরকারি চাল বাইরে বিক্রি করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকেই চাল নিতে চান না, সে কারণেই চাল বিক্রি করে দিয়েছি।

সরেজমিনে দেখা যায়, ডিলারের ঘরে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতিতে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। সেখানে টিসিবির চালের খালি বস্তা, চিনি ও তেল মজুত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএস