images

দেশজুড়ে

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানার বিরুদ্ধে অ্যাকশন

বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:০১ পিএম

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মারুমডালী এলাকায় ‘দীপু রিনিউএবল এনার্জি’ নামের ওই কারখানায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অপরাধে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার পুরো অবকাঠামো ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই মারুমডালী এলাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করে আসছিল কারখানাটি। এতে টায়ারের কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন
ghyj

উকুন মারার তেলের গন্ধে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস, এম, মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস