বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৯:০২ পিএম
পটুয়াখালীতে হানি ট্র্যাপের (প্রেমের ফাঁদ) মাধ্যমে ব্ল্যাকমেইল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আজাহার খান, কবির হোসেন এবং যুবলীগ নেতা রাসেল তালুকদার। পটুয়াখালী সদর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ওই ওষুধ ব্যবসায়ীকে এক নারীর মাধ্যমে ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় প্রায় ১৫ লাখ টাকা আদায় করেন। সম্প্রতি চক্রটি ওই ব্যবসায়ীর কাছে আরও মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও হানি ট্র্যাপ–সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি একজন সরকারি চাকরিজীবীর কাছ থেকেও একইভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরটিভি/এআর