শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০৮:৩৬ এএম
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুর পাড়ে মাটিতে পুঁতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। ৪ মে চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বামী আমজাদ শেখ।
স্বামী আমজাদ শেখ জানান, গত (৪ মে) চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্নীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিল তার স্ত্রী ও মেয়ে। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন দুপুরের দিকে গোয়ালন্দ উপজেলার শেষ সীমানা উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়ার কালিতলা গ্রামে স্থানীয় হাকিম উল্লাহর পুকুরের পাড় থেকে দুর্গন্ধ আসায় মাঠে কাজ করা কয়েকজন কৃষক এগিয়ে যান। তারা পুকুরপাড়ের মাটিতে পুঁতে রাখা মানুষের একটি পা বের হওয়া অবস্থায় দেখতে পান। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে জানালে থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রাশিদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় মাটি খুঁড়ে প্রথমে মেয়ে এবং পরে মায়ের লাশ উদ্ধার করা হয়।
উজানচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খবির হোসেন বলেন, পুকুরটি আনছারডাঙ্গী গ্রামের জনৈক হাকিম উল্লাহর। পুকুরের পাশে মাঠে কাজ করার সময় দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে কৃষকেরা লাশ দেখতে পান। পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে খবর দিলে তাদের উপস্থিতিতে মাটি খুঁড়ে লাশ দুটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশের পরিদর্শক রাশিদুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি খুঁড়ে প্রথমে শিশুটির ও পরে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে এসেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সীমানাটি ফরিদপুরের মধ্যে পড়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে নিহতের স্বামী আমজাদ শেখ থানায় এসে স্ত্রীর নামে মৌখিক অভিযোগ করেন। তার স্ত্রী এক লাখ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে।
ওসি বলেন, এ ঘটনায় নিহতের পিতাও আসেন থানায়, তার অভিযোগ জামাই মেয়েকে মারধর করে অন্যত্র লুকিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, প্রথমে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুকুর পাড়ে মাটি খুড়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। স্থানটি ফরিদপুরের কোতোয়ালি থানার ভেতর হওয়ায় লাশ তারা নিয়ে গেছে। আইনি ব্যবস্থা কোতোয়ালি থানা পুলিশ নিবেন।
আরটিভি/এমএম