শনিবার, ১৬ মে ২০২৬ , ০২:১৬ পিএম
রাজশাহীতে অটোরিকশাচালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলে তানভীর রানা প্রান্ত (২২), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার ইনসানের ছেলে শামীম (৩৫), আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার জামালের ছেলে রাব্বি (২০) ও ভাটাপাড়া এলাকার মোকলেসের ছেলে নূর আলম (২৫)।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত অটোরিকশা চালক মামুনুর রশিদ (৫০) গত ২ মে বিকেলে ভাড়ার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাবুল (৬০) বাদী হয়ে দামকুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পরবর্তীতে দামকুড়া থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে একটি হত্যা মামলা রুজু করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরটিভি/আইএম