শনিবার, ১৬ মে ২০২৬ , ০৯:০৫ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে এক শিশুকে (১০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে রাজা মিয়া (৩৫) নামে শিশুটির সৎ মামাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে বিকেল ৪টায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ।
জানা গেছে, আটক রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। প্রায় ৬ বছর ধরে তিনি নিহত শিশুর পরিবারের সঙ্গে বসবাস করতেন।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী জানান, ওই শিশুকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সৎ মামা আটক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে