রোববার, ১৭ মে ২০২৬ , ১১:০৭ এএম
পাবনায় কাজ শেষে সাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী (৫২) পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কোম্পানিতে কর্মরত ছিলেন। আহত মোটরসাইকেল আরোহীর নাম রাজিব আলী (৩০)। তিনি ঈশ্বরদী উপজেলার সাকড়েগাড়ী মোড় এলাকার মৃত তাইন মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,, ইয়াসিন মন্ত্রীর মোড়ের পাশে একটি মিলে মরিচ ভাঙাতে যান। পরে তিনি সেখান থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে পাবনার দিক থেকে পাকশীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন ইয়াসিন এবং ওই মোটরসাইকেল আরোহী রাজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে যাওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়। আর মোটরসাইকেল আরোহী রাজিব গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম